May 16, 2021

সহজপাঠ

কমলিকা 


 

যুদ্ধ শেষে সৈন্য শহর ছাড়লে

ছেলে মেয়ে যাবে ফিরে ইস্কুলে,

তুলবে খাতা,শিখবে সহজপাঠ

 'অ'-এ অস্ত্র, 'আ' -এ আতংক।

 

কিছু দীর্ঘশ্বাস গলে পড়বে শুধু

পোড়া মোমে শেষ আলোরেখা হয়ে।




দৈনিক বজ্রকন্ঠে প্রকাশিত ১৯.০৯ .২০২০ (আগরতলা, ত্রিপুরা)

ত্রিষ্টুপ

@কমলিকা 

 
১) কন্সোল্যাশন প্রাইজ

শুধু এক সান্ধ্য উৎসবের
সাজানো ট্রফি লোভে
যে রক্তগোলাপ হত্যা
নিজহাতে করেছি রচনা
এতবছর পর আজও সে
বই কফিনে উঁকি মেরে
গায় আমার সমূহ ব্যর্থতা।


২)সাদা কালো

এক মেয়ের গল্প বলি
মাতাল আত্মঘাতী স্বামীর
মরদেহ চেয়ে যে বলেছিল
এতদিন (সব) জ্বালা জুড়ালো।
চিতাকাঠের ধোওয়া মেখে
বারোহাতি বৈধব্য সাজে
সরকারি অফিসে লিখিয়েছিলো নাম।

অনেক পরে জেনেছিলাম
সাদা শাড়ি পরিহিতা
একদিনশুধু ভালোবেসে ছেড়েছিল ঘর
সেই থেকে কত প্রেম রঙ
মিশলো এসে শাড়ির খাঁজে
বোকা শাড়িখানার তবু
রঙিন হয়ে ওঠা হলো না।

৩) বৃষ্টি তোমাকে দিলাম

তোমার কথা মনে এলে
সেদিন শহরে বৃষ্টি নামে,
ভালোবাসায় যায় ছুঁয়ে
এক মেঘ থেকে আরেক মেঘের বুক;
কল্পনা-কার্নিশে জমা কথাদের
কাজে আর থাকে না মন
ব্যস্ত হাতে বানায় অরিগ্যামি নৌকা,
দু' একটায় পাল দিতেও ভুলে না।

তোমার কথা মনে এলে
আমি নৌকাদের ভিজতে দেই না,
পাট করে তোষকের নীচে রেখে
শুয়ে শুয়ে মেঘেদের গান শুনি।


'দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)৩১.০১.২০১৯ , ২)৩০.০৩.২০১৯ , ৩)২৬.০৩.২০২০  



সময় অসময়

@কমলিকা 

এখন একা থাকার এক বিবর্ণ সময়

শত্রুর ঘায়ে দরজায় পড়েছে ডাবল লক,

মানুষ একলাই ছিল এই জীবনে চিরকাল,

সবাই জানে,তুমিও জানো সঠিক।

 

একদিন সূর্য উঠলে দেখো চেয়ে

ড্যান্ডেলিওন ফুলে সেজে আছে শহর,

প্রতিটি বন্ধ দরজার ধুলো মাখা ফাঁকে-

আমাদের মনের যা কিছু ভালো

হয়ে উঠবে এক একটি সফেদ রেনু।

 

অপেক্ষায় থেকো সে সময়ের,

গাছে জল দিও দুবেলা,যত্ন মেখে

বসন্ত ঋতুচক্রের শেষে ফিরে আসে,

সবাই জানে,তুমিও জানো সঠিক।


দৈনিক বজ্রকন্ঠে প্রকাশিত ১৭.০৫.২০২০ (আগরতলা, ত্রিপুরা)

More to see...