April 07, 2021

শ্রাবণসন্ধ্যা


 ১)

শ্রাবণের বিকেলগুলোয়

সুফি রঙের প্রেম

ছড়িয়ে পড়েছে শহরে

যদি সে চিনে তোমায়

ছোঁয়ার দরজায় কয়দিন

তুলে দাও মন-শেকল

ঘুমের বড়ি রেখো সঙ্গে

সারারাত দরবারী কানাড়া

তোমায় ঘুমোতে দেবে না।



২)

তোমার ধুলোমাখা যাপনরণে

যে নদী তেষ্টা মিটিয়েছে

তার জল ছুঁয়ে দেখোনি পথিক,

মুঠোয় ধরে পান করেছো আকণ্ঠ

 ভেবেছো আর্সেনিক পরিসংখ্যান।

ছুঁয়ে না দেখা জলের বিন্দুরা

অভিমানিনি হয়ে ঘুড়ে তোমার শহরে

আকাশে এঁকে যায় কিছু রাগি মেঘ।

 

আজ বৃষ্টি এলে একবার বাইরে এসো

দু'হাতে জল মাখো শরীরে

বলতে ভুলোনা –

আমি চিনেছি,আমি চিনেছি, আমি চিনেছি।


প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ১৭.০৯.২০১৮     ২)৩১.০১.২০১৯  

গল্পগাছা

@কমলিকা 

লামডিং নিয়ে কখনো আমি লেখিনি

লেখা হয়নি কলোনির রেল কোয়ার্টার

ও সেই ছোট্ট মেয়ের কথা

শহর ছেড়ে আসার সময়

মেয়েটিকে পুতুলের লোভে ডেকেছি

মরচে ধরা ট্রাঙ্কের ভেতর

কয়েদ করার ঠিক আগে

যত্নে হাত বুলিয়ে বলেছি

এখানে নিশ্চিন্তে ঘুমো,

মাঝে মাঝে খেলিস কিন্তু!

কোনোদিন সে জানতেই পারলো না

কানামাছি খেলার ফাঁকে

চারপাশটা অদ্ভুতভাবে গেছে বদলে

মেয়েটি আজ-ও  প্লাস্টিকের খেলো পেয়ালায়

ঘোলা জল ঢেলে চায়ের আসর সাজায়।


আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' ১৯.০৭.২০১৮ রয়েছে এই কবিতাটি 

শব্দজাল

@কমলিকা 

 ১)

রাগাশ্রিত

আকাশী মরু শহরে
মেঘ বালুরাশি ঠেলে
নায়াগ্রা হয়ে দাঁড়ায়
সদ্য যৌবনা পূর্ণ চাঁদ
আশাবরী রাগে গাওয়া
এর থেকে সুন্দর স্থায়ী
আমার জানা নেই।


২)

এরাবীয়ান নাইটস

যে জোনাকি মাখা রাত
ক্লান্তির কাজল চোখ উপেক্ষায়
ঘুম , শুয়ে থাকতে জানে
বিছানার ব্যবহার না হওয়া অংশে
জানবে ঠিক সেইরাত
আমার স্বপ্নের আরব্য রজনী।

শুধু শব্দজালের মোহে যেখানে
মরণ অব্দি প্রেমিক হয়ে যায়।


৩)

ছুটি

 
রবিবার এলেই মনে হয়
এখন তোমার ফোন আসবে
অন্য মোবাইলে,অন্য রিংটোনে
অন্য নম্বর হলেও আশ্চর্য ভাবে
এক থেকে যায় মন ও মানুষ
 
আছি অবুঝ অপেক্ষা ছুঁয়ে
এখনই তোমার ফোন আসবে।

'দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)২৮.০৬.২০১৮, ২)১৫.০৮.২০১৮, ৩)২১.১০.২০১৯ 
'রাগাশ্রিত' কবিতাটি শিলচরের ‘শব্দপাতার নৌকো’ নভেম্বর ২০১৮ -এ প্রকাশিত হয়। 


More to see...