July 18, 2020

বর্ণমালার ক্ষত

যে কবিতা লিখবো বলে কলম ধরেছি

@কমলিকা 

জানি লেখা হয়ে গেছে বহুবছর আগে।

সেখানে দাঁড়িয়ে এক মধ্যবয়সী যুবক,

হাতে তাঁর রক্তস্নাত কাঁটাতার গুচ্ছ

(এই অব্দি পড়েই যাঁরা ভাবছেন যীশু

ও সেই বহুল পরিচিত ক্রুসিফিকশন;

জনান্তিকে জানাই,ভুল ভেবেছেন)

যুবকের দিকে আলো ফেলা হোক

ডি এন এ টেস্ট ছাড়াই বলা যায়,

চেনা যায় নিজের পূর্ব জন্মের মুখ।

কাঁটাতার ধরা শান্ত হাত এগিয়ে আসে

সফেদ কাগজে ছোঁয়ায় লাল আঙ্গুল,

আরো অনেক অনেক টিপ ছাপ আঁকা

সেই লাল কাগজই আসলে কবিতা।

প্রথমে অবশ্য সঠিক বোঝা যায় না

সাধারণ ভোটের স্লিপ ভেবে হয় ভুল

নেহরুর পক্ষে বা বিপক্ষে কত ভোট

এই নিয়ে টেবিল সরগরম করা যায়,

ক্ষত চিহ্ন তখন ধীরে ধীরে মেলে চোখ

হয়ে ওঠে একেকটা রাগী বর্ণমালা

ঠিক তখনই এ কবিতা লেখা হয়,

বলে যায়,মাতৃসুধা ঘুরে শরীর শিরায়

নিয়ে এসো কাগজ,নিয়ে এসো কাঁটাতার

নতুন আঙ্গুল চিহ্ন সাজাবো এবার । 



১৪.১০.২০১৮ এ দৈনিক যুগশঙ্খ পত্রিকার রবিবাসরীয় বিভাগে প্রকাশিত। (গুয়াহাটি,অসম)


চতুষ্কোণ

১) সোহাগ-বন্দর

@কমলিকা 

ঠোঁট তার সোহাগি ঝড় শেষে
ছড়িয়েছে এখন মৌন প্রশান্তি
সমুদ্রের নীলাভ জল মাঝে
জাহাজ মাস্তুল গেছে টুটে কবে
দিগ্ ভ্রষ্ট নাবিক আমি অপেক্ষায়
ময়ূরপঙ্খীর দেখা মেলে যদি
পাবো তবে মাটির দৃপ্ত পুনরঘ্রাণ
বন্দরে বলবো আমি সিন্দবাদ

 

২) নেশা

যে ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা
তোমার কবোষ্ণ ঠোঁট ছোঁবে বলে
অপেক্ষায় থাকে শ্রাবণ বিকেল
সেও জেনে ফেলেছে সত্যটা
তোমার নেশা কতটা গভীর খাদ
শুধু তলিয়ে গিয়েই বাঁচা সম্ভব


৩) সোনাফুল

যে রাস্তায় আমি চলি
তার শরীর ভরে আজ
নতুন সোনাফুল অলঙ্কার
তোমার লিপি অভিসার অঙ্গে
কবিতা চন্দন সাজ
সে কি এতটাই সুন্দর
ছুঁয়ে দেখবে না একবার, প্রেম?


৪) ক্যাপুচিনো

আজকাল আয়নার দিকে
প্রায়েই চেয়ে থাকি আমি
অথবা আয়না আমাকে
দু’জনের খঞ্জ ছলে অবিরাম
আয়নারও একটা কফিশপ দরকার
দরকার এক পুরনো আরশিবন্ধু ।

 

সাময়িক প্রসঙ্গ পত্রিকায় প্রকাশিত হয় ২৮.০১.২০১৮ এ (শিলচর,অসম)


July 12, 2020

আমি আর লিখবো না

@কমলিকা 
রক্ত গোলাপ, চকলেট, কার্ড

এরা কেউ প্রকৃত প্রেমিক না

জানে শুধু সুচারু অভিনয়।

***

জারজ শিশুর মাতৃভূমি

এবার নতুন গল্প লেখো,

বীজের উল্লাসগীত গাও

নাড়ী ছিঁড়ে স্বাধীন হয়ো না।

***

এখন আর লিখবো না,

জানলা ছুঁয়েছে বৃষ্টির আঙ্গুল;

নখে এঁকে দেবো চাঁদের প্রতিবিম্ব

এখন আমি আর লিখবো না।



গুয়াহাটি, অসমের ‘কবিতা এখন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ প্রকাশিত।


More to see...