January 22, 2023

প্রেমে-অপ্রেমে (Season 2)

@কমলিকা 
 ১)

আমাদের ড্রিমক্যাচার ভালোবাসারা

নতুন টোটেম খুঁজে শহুরে বারান্দায়,

রেশমি সুতার গিঁট গুণে বানায়

প্রেম আটকের এক আশ্চর্য ওয়েব।

 

সাদা কালো পাখা ও রঙিন বিডস

হাওয়ার দোলায় উড়ে যেতে চায়

উইন্ডোফ্রেমে দেখা সবুজ বাগানে।

 

স্বপ্নের মানে খুঁজতে নেই গুগলে, শুধু

দেখে যেতে হয়, জেগে ওঠার আগে।

 

২)

আমাদের এক্স ওয়াই ভালোবাসারা

অংক ভুলের ভয়ে লাস্ট বেঞ্চে বসে,

গাইডবুক এর উত্তর আগেই দেখে

সাজায় সাপ-সিঁড়ির সকল সংকেত।

 

অ্যালজেবরা খাতায় যাবতীয় সূত্রেরা

শহরের ইলেকট্রিক পোলে চায় ছুঁতে,

আরেক অর্ধেক অংকের পাখি মন।

 

লাভ ব্যালাডের ছেঁড়া উৎসর্গ পাতা শুধু

উত্তর না মেলার খুশিতে লেখে নতুন গান।


১৪.০২.২০২২ -এ দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)। 


August 28, 2022

রূপকথারা

এই ভালোবাসার শহুরে গলিপথে 
@কমলিকা 

কিছু চেনা রূপকথা রয়েছে মিশে,

গেয়েছে রাতের ঘুমপাড়ানিয়া গান।

 

মাঝে মাঝে সেই চেনা সুর বাজলে

সত্যি মনে করে চোখে ছোঁয়াই হাত,

অপেক্ষা রাখি ঘুম ভাঙানো মন্ত্রের।

হৃদয় আসলে ফিকশন ভালোবাসে,

এই কঠিন সত্য বুঝে ফেলার পর

আমি সব কিছুই বিশ্বাস করতে চাই,

রূপকথার রাজপুত্র ও মায়াবী জিন।

 

এসো প্রেম, আজ গল্পপাঠের আলোয়

বেডরুমে সাজাই এক আরব্য রজনী।

২৬.০৮.২১ -য়ে
দৈনিক বজ্রকন্ঠওয়েবজিনে প্রকাশিত (আগরতলাত্রিপুরা)

প্রেমে-অপ্রেমে

১)

আমাদের ব্ল্যাক-ফরেস্ট ভালোবাসারা

পাইপিং ব্যাগে ভরে মিষ্টি সম্পর্ক,

নরম লাল চেরি দিতে ভোলে না

@কমলিকা 

কিছু পরিচিত শব্দছকের ফাঁকে।

 

বর্ষেরা আসে, বর্ষেরা যায় চলে,

শুধু এক কেক মাখা ফটো হাতে

ফিরে আসে সেই রেড লেটার ডে।

 

মিষ্টি দুটো ঠোঁটে বসাব তীক্ষ্ণ ছুরি,

প্রেম তুমি এখন হাততালি থামিও না।

 

২)

আমাদের ক্যাপুচিনো ভালোবাসারা

ধোঁয়া ওঠা প্যালেটে বানায় ডুডল,

সামনের সিটে বসা চেনা মুখগুলো

রিস্ট-ওয়াচ হাতে পালটে দেখে মেনু।

 

কফি আর্টে সাজানো নরম পালক

আসলে গ্যালাক্সির প্রতিটি স্বপ্নের

না-বলা খসে পড়া এক রাততারা।

 

মনের কথা হ্যান্ডওভার করব,

আরও দুকাপ কফি বলো প্রেম।

 

৩)

আমাদের মনসুন ভালোবাসারা

ব্যালকনিতে ছাতা রাখে মেলে,

জল ভরে থাকা পিচ রাস্তায়

হেঁটে যায় কিছু চেনা গামবুট।

 

শহরে বৃষ্টি এলে ফিরে আসে

তোমার শরীর ছুঁয়ে লিখে রাখা

এক লাল আমব্ৰেলা স্টেটাস।

 

বর্ষায় ভিজব আজ সারারাত

রুফটপে একবার চলো প্রেম।

 


দৈনিক বজ্রকন্ঠওয়েবজিনে প্রকাশিত (আগরতলাত্রিপুরা)

১)০৮.০৮.২০২১২)২০.০৮.২০২১, ৩) ২২.০৯.২০২১ 

April 16, 2022

চন্দ্রাবলী

 

@কমলিকা 
তোমায় দেবো বলে যে প্রেম
তুলে রেখেছি কাঠের দেরাজে,
তার চাবি পেয়েছে খুঁজে
ফাল্গুনী পূর্ণিমার গাঢ় আকাশ।
শহরের ঘড়িতে রাত বাড়লে
জোছনা খোলে মন কপাট-
শুভ্র শরীরে মাখে সোহাগ আবীর,
ছাদে এসে যদি চাঁদ দেখো
জানবে সে সেজেছে আজ
আমার লজ্জার লাল ফুলে,
চোখে যতই ক্লান্তি আসুক নেমে
জেগে থাকো অতন্দ্রপ্রহরী...

আমি চাই না
চাঁদ ঘুমোতে দেখুক তোমায়,
আমি চাই না
চাঁদ তোমার প্রেমে পড়ে যাক।


গুয়াহাটি, অসম থেকে 'মাজুলি' তৃতীয় বর্ষে প্রকাশিত ,২০২১। 

June 05, 2021

রঙ তুলি

 

‘দৈনিক বজ্রকন্ঠ’ ওয়েবজিনে ২৯.০৫.২০২১ তারিখে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)

May 16, 2021

সেল্ফি কথা

@কমলিকা 

আধঘন্টা আগে অনলাইনে যে ছবি

সাজিয়েছি,জানি সে হেঁটে চলেছে

তোমার মোবাইলের প্রযুক্তি গলি,

নতুন নাম এখন দুশো পঁয়ত্রিশ।

 

রাত ঘুমিয়ে পড়লে সেই জমে থাকা

ছবিগুলো ভাঙে তার চেনা চৌকাঠ,

একে একে দাঁড়ায় বিছানার চারপাশে।

 

তুমি তো জানো না ঘুমন্ত প্রহরী,

আমারও মুঠোয় আছে এক লকার।

 

সেল্ফিরা বলবে ভালোবাসি -অপেক্ষায় আছি।



আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত হয় 'বজ্রকণ্ঠ' ওয়েবজিনে (১৪.০৬.২০২০)

ছায়া শরীর

@ কমলিকা 

 ১)

ঘুম হারা রাতে যে ছায়াশরীর
জড়ো করেছে জোছনা ফুল,
নরম আলোয় জ্বলতে দেখেছি
ঘাড়ের পাশে এক মিশকালো তিল।
অথচ এ রাত শুধু আমার ছিল,
ছিল ওই তিল আঁকা মায়াবী শরীর,
ছিল মুঠোয় ভরা ফুল পরশ।
এত আলো দূরে ফেলে রেখে আজ
বলতে পারো কেন দাঁড়িয়ে আছি
ওয়ালর‍্যাকে রাখা বাহারি মুহূর্ত হয়ে?


২)

যেই আল্ট্রা মেরুন হাই হিল
অবহেলায় পার করেছে পথ,
জানবে সে তোমার ছায়াশরীর।
এইভাবেই কতো অজানা বসন্তে
ঢেলে দিয়েছো শরীর মাখা আগুন,
ফরেস্ট ছুঁয়ে ক্রিমসন তুলিটান
 
পথিক,তুমি যে আগুনের রঙ চেনো,
সে তার প্রকৃত গঠন জেনে ফেলেছে।
হাতে গোনা বাসন্তী পলাশের পর
দেখবে, সে একদিন তুমি হয়ে যাবে,
তাকিয়ে দেখবে তোমার-ই দুচোখে
অন্য এক সদ্যকিশোরী ছায়াশরীর।



প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ১১/০২/২০২০      ২)১২/০৮/২০২০  

April 15, 2021

রনো ও আমি

@ কমলিকা

 ১)

নির্ভীক প্রেমে বুকের পাটা দরকার;

আমার রিব-কেজ গড়া সকল মাটি

রনো নিজ হাতে শাবল চালিয়েছে

 কোটর মাঝে রেখে গেছে

কিছু উডরোজ ও অক্ষরজাল,

 এখন আমি শুধু লুকিয়ে দেখি

সুদীর্ঘ কালো শঙ্খচূড়ের মতো নিশ্বাস

 দেখি আর বসে থাকি অপেক্ষায়

এক অশান্ত শ্রাবণ বৈশাখীর-

মানুষভর্তি রাস্তায় বেরিয়ে পড়বো একা

শহরের পাথুরে মাটি লেপবো বুকে

নতুন সফেদ হাড় গজাবার মন্ত্র

লিখে রেখে যাবো আরেক পাঁজর কোঠায়।



২)

চোখে বেখেয়ালে সাজিয়েছি

দুফোঁটা টলটলে গ্লিসারীন

সকল নায়িকারা সেটাই মাখে

দুঃখী শটের ঠিক আগে

এ খবর লেখা আছে

কোনো এক সিনেমার চটুল পাতায়;

যে বান আজ নেমে এলো

দেখি সে অতি সাধারণ

তাকে অশ্রু ডাকা মানায় না

ইমোশনের বড় অভাব

 কাঠ মার্কা শহুরে বাবুর মতো,

অথচ,আমার রাত জাগা গল্প জানে

তুমি এলেই চোখে আসে জল

সামনের পটে জমে ওঠে ভাপ

তোমায় দেখতে ইচ্ছে হয় রনো

তুমি কি সেই খাঁটি গ্লিসারীন

আর বাজার চলতি যা কিছু

পুরোটাই বাতিল,পুরোটাই ভেজাল?

রনোঅনেক রাত হলো

এবারে চোখে এস নেমে

কবে থেকে ক্যামেরা রোল হচ্ছে

এবার আমি শেষ শট দেবো।


প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ২৭/০৬/২০১৯     ২)১৬/০৯/২০১৯ 

প্রথম কবিতাটি ২১/১০/২০১৯ এ আলিপুরদুয়ার থেকে প্রকাশিত ওয়েবজিন 'কবিতা করিডোর'-এ ও স্থান পায়।  


April 07, 2021

শব্দজাল

@কমলিকা 

 ১)

রাগাশ্রিত

আকাশী মরু শহরে
মেঘ বালুরাশি ঠেলে
নায়াগ্রা হয়ে দাঁড়ায়
সদ্য যৌবনা পূর্ণ চাঁদ
আশাবরী রাগে গাওয়া
এর থেকে সুন্দর স্থায়ী
আমার জানা নেই।


২)

এরাবীয়ান নাইটস

যে জোনাকি মাখা রাত
ক্লান্তির কাজল চোখ উপেক্ষায়
ঘুম , শুয়ে থাকতে জানে
বিছানার ব্যবহার না হওয়া অংশে
জানবে ঠিক সেইরাত
আমার স্বপ্নের আরব্য রজনী।

শুধু শব্দজালের মোহে যেখানে
মরণ অব্দি প্রেমিক হয়ে যায়।


৩)

ছুটি

 
রবিবার এলেই মনে হয়
এখন তোমার ফোন আসবে
অন্য মোবাইলে,অন্য রিংটোনে
অন্য নম্বর হলেও আশ্চর্য ভাবে
এক থেকে যায় মন ও মানুষ
 
আছি অবুঝ অপেক্ষা ছুঁয়ে
এখনই তোমার ফোন আসবে।

'দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)২৮.০৬.২০১৮, ২)১৫.০৮.২০১৮, ৩)২১.১০.২০১৯ 
'রাগাশ্রিত' কবিতাটি শিলচরের ‘শব্দপাতার নৌকো’ নভেম্বর ২০১৮ -এ প্রকাশিত হয়। 


July 12, 2020

আমি আর লিখবো না

@কমলিকা 
রক্ত গোলাপ, চকলেট, কার্ড

এরা কেউ প্রকৃত প্রেমিক না

জানে শুধু সুচারু অভিনয়।

***

জারজ শিশুর মাতৃভূমি

এবার নতুন গল্প লেখো,

বীজের উল্লাসগীত গাও

নাড়ী ছিঁড়ে স্বাধীন হয়ো না।

***

এখন আর লিখবো না,

জানলা ছুঁয়েছে বৃষ্টির আঙ্গুল;

নখে এঁকে দেবো চাঁদের প্রতিবিম্ব

এখন আমি আর লিখবো না।



গুয়াহাটি, অসমের ‘কবিতা এখন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ প্রকাশিত।


মেঘদূত

@কমলিকা 

মোড়ের সেই হলুদ বাড়িকে,

বলে এসো শ্রাবণী মেঘ,

মেয়েটি এখনো বৃষ্টি ভিজেনি।


           ***


এক চুপকথার রাতে চন্দ্রাবলী 

রাহুকে দিয়েছিল জোছনা মন,

মেঘ কথা লুকানোর ছুতোয়

এখনও দুহাতে রাখে আগলে

ঠিক সেই অবুঝ আগের মতো।


           ***


প্রেমিককে শক্ত মাটি ভেবে আঁকড়ে

দেখি আমার গায়ে ফুটে সফেদ শেকড়

প্রেমিক রাস্তা পেরিয়ে গন্তব্যে যায় চলে

আমার আর যাওয়া হয়ে ওঠে না।


           ***


শিকড়ের শৈশবকে আদর করছে মায়ের হাত

দুই চোখে জল নিয়ে সে তাকায় 

ছোট্ট বনসাই।



গুয়াহাটি, অসমের ‘কবিতা এখন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ডিসেম্বর ২০১৮ প্রকাশিত।


More to see...